
শরীয়তপুরে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স আটকে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় চালকদের বিরুদ্ধে। এ কারণে চিকিৎসা না পেয়ে এক নবজাতকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে নিউ মেট্রো ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া নবজাতক ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকার নূর হোসেন সরদার ও রুমা বেগম দম্পতির সন্তান। বৃহস্পতিবার দুপুরে নিউ মেট্রো ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। শ্বাসকষ্টসহ শারীরিক জটিলতা দেখা দিলে চিকিৎসকরা ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
নবজাতককে চিকিৎসা দেওয়া শিশু বিশেষজ্ঞ খাজা হুমায়ুন কবির বলেন,‘ নবজাতকের শ্বাসকষ্টসহ জন্মগত কিছু ত্রুটি ছিল। অবস্থা গুরুতর হওয়ায় বিকেলেই শরীয়তপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নিতে বলি। পরে রাতে জানতে পারি, অ্যাম্বুলেন্স আটকে রাখার কারণে তার মৃত্যু হয়েছে। এটি খুবই দুঃখজনক; একই সঙ্গে ফৌজদারি অপরাধ।’
এ ঘটনায় আবার সামনে এসেছে শরীয়তপুর অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ‘অ্যাম্বুলেন্স সিন্ডিকেট’। জেলা সিভিল সার্জনের গাড়িচালক আবু তাহের দেওয়ানের নেতৃত্বে জেলায় একটি চক্র সক্রিয়। তাদের সঙ্গে আছেন মালিক কল্যাণ সমিতির সভাপতি আবদুল হাই, উপদেষ্টা মানিক লাল, বিল্লাল মিয়া, আবু তাহের দেওয়ানের ছেলে সবুজ দেওয়ান ও শরীয়তপুর সদর হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সের চালক জাহাঙ্গীর হোসেন। প্রতিদিন সংগঠনের লোকজন হাসপাতালে ঘোরাফেরা এবং কোন অ্যাম্বুলেন্স যাবে, তা নির্ধারণ করেন। সিন্ডিকেটের অনুমতি ছাড়া বাইরের কেউই ভাড়া ধরতে পারেন না। ব্যতিক্রম হলেই বিপাকে পড়তে হয়।