
বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে হত্যা, হত্যচেষ্টাসহ ৭৭ মামলায় গ্রেপ্তার সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কারাবাসে সময় কাটছে ইবাদত করে; এছাড়া তিনি লেখালেখিও করছেন।
পলকের বিরুদ্ধে নানা অভিযোগে মামলা দায়ের করা হলেও, তাতে তিনি ‘বিচলিত নন’ বলে জানিয়েছেন সাবেক এই প্রতিমন্ত্রীর আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী।
সোমবার ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গনে রাখী সাংবাদিকদের বলেন, “আমাকে উনি (জুনাইদ আহমেদ পলক) জানিয়েছেন কারাগারে নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, তজবি পড়ে এবং লেখালেখি করে সময় কাটছে।”
জুলাই আন্দোলনের মধ্যে ঢাকার কাফরুল থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
পাশাপাশি রাষ্ট্রদ্রোহ ও জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত।
তদন্ত কর্মকর্তাদের পৃথক দুই আবেদনের শুনানি নিয়ে এদিন ঢাকার মহানগর হাকিম জুয়েল রানা এ আদেশ দেন।
পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার এসআই মো. শাহ আলম। আর জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তাদের কারাগার থেকে ঢাকার সিএমএম আদালতের হাজতখাায় রাখা হয়। সকাল ১০টা ২৫ মিনিটের দিকে তাদের হাজতখানা থেকে আদালতে নেওয়া হয়। এ সময় পলক ও জাহাঙ্গীরের মাথায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট, পিছমোড়া করে রাখা হাতে হ্যান্ডকাফ লাগানো ছিল।
১০টা ২৮ মিনিটের দিকে তারা আদালতে পৌঁছান। এরপর দুজনকে আসামির কাঠগড়ায় তুলে হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট, হ্যান্ডকাফ খুলে ফেলা হয়।
ওই সময় আইনজীবীদের সঙ্গে ১০ মিনিটের মত কথা বলেন পলক ও জাহাঙ্গীর।
১০টা ৪০ মিনিটের দিকে ঢাকার মহানগর হাকিম জুয়েল রানা এজলাসে ওঠেন।
এরপর তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকার কাফরুল থানার আব্দুল আলিম হত্যাচেষ্টা মামলায় পলক ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন বিচারক। শুনানি শেষে তাদের ফের কারাগারে নিয়ে যাওয়া হয়।
আদালতে পলকের সঙ্গে কি কথা হল জানতে চাইলে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী সাংবাদিকদের বলেন, “পলক সাহেব জানিয়েছেন তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সাইবার সিকিউরিটি আইনে, দুদকের মামলা এবং হত্যা ও জেনারেল মামলায় তিনি বিচলিত নন। তিনি দাবি করেছেন, কোনো কিছুর সঙ্গে তিনি জড়িত নন। দুদকের মামলায় প্রমাণ করার কিছু পাবে না বলে জানিয়েছেন।”
রাখী জানিয়েছেন জুনাইদ আহমেদ পলককে দুদক ও ট্রাইব্যুনাল বাদে এখন পর্যন্ত ৭৭টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনের একটি মামলা প্রক্রিয়াধীন আছে।
আইনজীবী রাখী বলেন, “তিনি (জুনাইদ আহমেদ পলক) আজ আমাদের জানিয়েছেন, তার যে লাইসেন্স করা অস্ত্র ছিল সেটা হারিয়ে গেছে। এ বিষয়ে তিনি ডিসির কাছে তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন তার পরিবারের মাধ্যমে।
“অস্ত্র তো মানুষের সাথে সবসময় থাকে না। তার অস্ত্রটি আবাসস্থলে ছিল। ৫ আগস্টের পর যেভাবে লুটপাট হয়েছে, ওই অস্ত্রটিও লুট করে নিয়ে গেছে। তার লুট সেই অস্ত্র দিয়ে যেন কোনো অপরাধ না হয় বা সেটির দায়ভার যেন তার ওপর না পড়ে সেটার জন্য ডকুমেন্টস রেডি করা আছে।”
পলকের আগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমক গ্রেপ্তারের বিষয়ে শুনানি হয়।
এ সময় জাহাঙ্গীর আলমের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী আদালতকে বলেন, “এ মামলার ডকুমেন্টারি কোনো কিছু প্রোভাইড করা হয়নি। ২০২২ সালে সচিব ছিলেন তিনি, এই কি তার অপরাধ। তাকে এ মামলায় যেন গ্রেপ্তার দেখানো না হয় এই প্রার্থনা করছি।”
এরপর জাহাঙ্গীর আলম আদালতের অনুমতি নিয়ে কথা বলতে চান।
অনুমতি দিলে জাহাঙ্গীর আলম বলেন, “২০২৪ সালের নির্বাচন নিয়ে কোনো বিতর্ক, অভিযোগ কোনো মিডিয়াতে এসেছে কি না? যদি এসে থাকে তাহলে আমাকে যে শাস্তি দিবেন মেনে নিব। বিদেশি পর্যবেক্ষকরাও এসেছিলেন। নির্বাচন নিয়ে বিতর্ক ছিল- এ ধরনের কোনো রিপোর্ট দিয়েছি কি না? যদি বলে থাকেন তাহলে যে শাস্তি দিবে মাথা পেতে নিব।”
পলকের মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ১৯ জুলাই মিরপুরে এসওএস হারম্যান মেইনার কলেজ গেইটের সামনে গুলিবিদ্ধ হন আব্দুল আলিম নামে এক ব্যক্তি। ওই সময় তার চোখে গুলি লাগে। দীর্ঘদিন চিকিৎসা শেষে গত ১ এপ্রিল তিনি মামলা দায়ের করেন।
গত ২২ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা এ মামলার আসামির তালিকায় দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালন করা তিন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৯ জনের নাম রয়েছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাহ উদ্দিন খান এ মামলার বাদী, যিনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা।
ওই তিন নির্বাচনে ‘গায়েবী মামলা, অপহরণ, গুম খুন ও নির্যাতনের’ ভয় দেখিয়ে, বিএনপি নেতাকর্মীদের ‘গণগ্রেপ্তার’ করে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়।
“সংবিধানিক প্রতিষ্ঠানে থাকা সত্বেও সংবিধান লঙ্ঘন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, সরকারি কর্মচারী হয়েও অবৈধভাবে ভোটে হস্তক্ষেপ, ভয়ভীতি দেখিয়ে ভোটের কাজ সম্পূর্ণ করা ও জনগণের ভোট না পেলেও সংসদ সদস্য হিসেবে মিথ্যাভাবে বিজয়ী ঘোষণা করা আইনত দণ্ডনীয় অপরাধ।
“উক্ত ঘটনার সাক্ষী সকল ভোট কেন্দ্র এলাকার ভোটাররা এবং ভোটারদের মধ্যে যারা ভোট প্রদান করতে বঞ্চিত হয়েছেন তারাসহ ভোট কেন্দ্রে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যরা। এছাড়া ভোট কেন্দ্রে অনেক সৎ প্রিজাইডিং অফিসার, পুলিংশ অফিসারসহ স্থানীয় লোকজনসহ আরো অন্যান্যরা ঘটনার সাক্ষী হবে।
“এছাড়া ব্যালট পেপারে যে সিল ও স্বাক্ষর রয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃতভাবে তারা ভোট দিয়েছে কিনা সে বিষয়ে উল্লেখিত ঘটনার সঠিক রহস্য তদন্তে সত্য উদঘাটিত হবে।”