বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেদরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

শরীয়তপুরের সখিপুরে পুকুরের পানিতে ডুবে ইমন হোসেন (৫) ও তাউহিদ (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জান্নাত (৩) নামে এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবর কান্দি গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত শিশু ইমন হোসেন এবং তাউহিদ ইসলাম উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবর কান্দি সরকারি আশ্রয়ন প্রকল্পের বাদল সরকার এবং একই জায়গার শাহ-আলম বেপারির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবর কান্দি গ্রামে তিন শিশু বাড়ির পাশেই খেলাধুলা করছিল। এক পর্যায়ে আশ্রয়ন প্রকল্পের পাশের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরিবারের লোকজন খুঁজতে শুরু করলে পুকুরের পানিতে একজনের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে গ্রামবাসী পুকুরে নেমে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। এসময় জান্নাত নামে আরও এক শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল হক বলেন, বাড়ির পাশে খেলতে যেয়ে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।