
শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে টেন্ডারের শর্ত ভঙ্গ করে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। প্রতিদিন ৫০-৬০টি ড্রেজার দিয়ে পদ্মার তলদেশ থেকে লাখ লাখ ঘনফুট বালু তোলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ কার্যক্রমের নেতৃত্বে রয়েছেন নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ রয়েল মাঝি। তবে তিনি দাবি করেছেন, ‘আমরা শুধু ইজারার জায়গা থেকে বালু তুলছি, বাইরে যারা করছে তাদের আমি চিনি না।’ অবৈধ বালু উত্তোলনের কারণে ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধ এখন মারাত্মক ঝুঁকির মুখে। ইতোমধ্যে নড়িয়া পৌরসভা ও তিনটি ইউনিয়নের হাজারো পরিবার ফের ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত এই এলাকায় ভয়াবহ ভাঙনে অন্তত ২৫ হাজার পরিবার গৃহহীন হয়েছিল। পরে ২০১৯-২০২৩ সালের মধ্যে প্রায় ১০ কিলোমিটার বাঁধ নির্মাণ ও ১২ কিলোমিটার নদী খননে বিপুল অর্থ ব্যয় হয়।
নড়িয়া উপজেলা প্রশাসনের নথি অনুযায়ী, চলতি বছরের জুনে চরআত্রা এলাকায় স্তূপকৃত বালু অপসারণের জন্য দরপত্র আহ্বান করা হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে ৪ কোটি ৯০ লাখ টাকায় কাজ পান ‘তাসিন তাহান কনস্ট্রাকশন’। এর মালিক স্থানীয় বিএনপি নেতা ফরিদ আহাম্মেদ রয়েল মাঝি। শর্ত ছিল স্তূপ থেকে বালু সরানো কিন্তু অভিযোগ উঠেছে তারা স্তুপের পরিবর্তে নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু তুলছেন।
বালু তোলার কাজে নিয়োজিত শ্রমিক ও স্থানীয়রা বলছেন, মুলফৎগঞ্জ, চরজুজিরা, কেদারপুর ও চরআত্রার এলাকায় প্রতিদিন ৫০ থেকে ৬০টি কাটিং ড্রেজারে দিন-রাত একটানা চলছে বালু তোলা। প্রতিটি ড্রেজার দিনে ২-৩ লাখ ঘনফুট বালু উত্তোলন করে, যা পরে বাল্কহেডে করে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও শরীয়তপুরে সরবরাহ করা হয়। শ্রমিকরা স্বীকার করেছেন, তারা ইজারাদারের নির্দেশেই কাজ করেন, তবে কাগজপত্র তাদের হাতে নেই। পাঁচগাঁও গ্রামের মিজানুর রহমান বলেন, ‘তিনবার নদীভাঙনে সর্বস্ব হারিয়েছি। এখন বাঁধের পাশে ঘর তুলেছি। আবার ভাঙন শুরু হলে সব শেষ হয়ে যাবে।’ সুরেশ্বরের ময়না বেগম জানান, ‘নদী আমাদের ঘরবাড়ি কেড়ে নিয়েছে। বাঁধটাই এখন আশ্রয়। এটা ভাঙলে কোথায় যাব?’
জানা গেছে, প্রশাসনের উদ্যোগে কিছু অভিযান হলেও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি দুই শ্রমিককে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং কয়েকটি ড্রেজার জব্দ করা হয়েছে। তবে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম খান স্বীকার করেছেন, ‘প্রভাবশালী একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছে।’ এ নিয়ে উপজেলা প্রশাসন থেকে মামলা করার নির্দেশ রয়েছে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের অসহযোগিতার কারণে তা জটিলতা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তারেক হাসান বলেন, ‘ইজারার শর্ত অনুযায়ী শুধু স্তূপ অপসারণ করার কথা। কিন্তু তারা নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু তুলছে। এতে নদী তীর রক্ষা বাঁধ প্রকল্প ঝুঁকিতে পড়বে।’ জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, ‘নড়িয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মামলা প্রসঙ্গে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।’ অভিযুক্ত ফরিদ আহাম্মেদ রয়েল মাঝি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ইজারা নিয়েছি। শুধু ইজারাকৃত জায়গা থেকেই বালু সরাচ্ছি। পদ্মা থেকে যারা অবৈধভাবে বালু তুলছে, তাদের আমি চিনি না।’ তবে স্থানীয়রা মনে করেন, প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় চলমান এই বালু দস্যুতা বন্ধ না হলে কোটি কোটি টাকার প্রকল্প আবার ভাঙনের কবলে পড়বে এবং হাজারো মানুষ গৃহহীন হওয়ার আশঙ্কায় রয়েছেন।